নাটোরের বনপাড়ায় বাস কাউন্টার নিয়ে সংঘর্ষে আহত ৬, ব্যাপক ভাঙচুর
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় যাত্রী ওঠানামা ও বাস কাউন্টার পরিচালনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিআরটিসি কাউন্টার ও স্থানীয় পরিবহন সংশ্লিষ্টদের মধ্যেকার এই সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট সন্ধ্যায় নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বিআরটিসি কাউন্টারের লোকজনের সঙ্গে স্থানীয় বাস কাউন্টারের কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। এই বিরোধের জের ধরে পরদিন ১৯ আগস্ট দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটিসি কাউন্টারের কর্মীদের সঙ্গে গোল্ডেন লাইন, পাবনা এক্সপ্রেস এবং নাটোর জেলা বাস মালিক সমিতির শ্রমিকদের মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বনপাড়া বাইপাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
১১৮ বার পড়া হয়েছে