কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার শাসনগাছা রেলক্রসিং এলাকায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
নিহতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তাঁর ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)। সম্পর্কে তাঁরা যথাক্রমে দাদি ও নাতনি।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, নাতনির চিকিৎসার জন্য কুমিল্লা শহরে এসেছিলেন জোৎস্না বেগম। সন্ধ্যায় চিকিৎসকের চেম্বার থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে ফেরার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। কুমিল্লা রেলস্টেশনের ফুটওভার ব্রিজের সামান্য দূরত্বে রেললাইন পার হচ্ছিলেন এই দু'জন।
ঠিক ওই সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি রেলস্টেশনের প্রবেশমুখে চলে আসে। আকস্মিক ট্রেনটি ধেয়ে আসতে দেখে দুজনেই দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রাণভয়ে একে অপরের হাত ধরে টানাটানি করার একপর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যগণ দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। নিহতদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় বলে পুলিশ জানায়।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১১৩ বার পড়া হয়েছে