কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তিতে বন্ধ নোবেল-এ্যাশেজের কনসার্ট
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত একটি কনসার্ট স্থানীয় ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বহুল আলোচিত এই কনসার্টটিতে জনপ্রিয় ব্যান্ড ‘এ্যাশেজ’ ও গায়ক নোবেলের পারফর্ম করার কথা ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শেষ মুহূর্তে এই আয়োজনের অনুমতি বাতিল করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের আলীশান রেস্টুরেন্টের উদ্যোগে পুরাতন স্টেডিয়ামে এই জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছিল। তবে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানিয়ে গত ১৮ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।
ইমাম-উলামা পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহর স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়, প্রকাশ্যে এ ধরনের গান-বাজনার আয়োজন ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। এমন অনুষ্ঠান আয়োজন করা হলে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
আবেদনকারী মাওলানা আহমাদুল্লাহ পরবর্তীতে গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসন তাদের আপত্তির বিষয়টি বিবেচনা করে কনসার্টটি বন্ধের আশ্বাস দেয়। এদিকে আজ দুপুরে অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, কনসার্টের জন্য তৈরি করা মঞ্চের মালামাল গুটিয়ে ট্রাকে করে সরিয়ে নিচ্ছেন আয়োজক কমিটির কর্মীরা।
আয়োজক প্রতিষ্ঠান আলীশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল জানান, তাদের প্রতিষ্ঠানের একটি বিশেষ র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে এই কনসার্টের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে তাদের আয়োজনটি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন গণমাধ্যমকে বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। একই সঙ্গে আয়োজক রেস্টুরেন্টটির প্রয়োজনীয় লাইসেন্স ছিল না বলেও জানান তিনি।
১১০ বার পড়া হয়েছে