পাবনায় নৌযান শুমারি সফল করতে বর্ণাঢ্য র্যালি
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য দেশের নৌযান খাতের সঠিক তথ্য সংরক্ষণ করা। নৌপথে চলাচলকারী নৌযানের সঠিক পরিসংখ্যান দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
পাবনা জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে এই বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জেলা পরিষদ ও কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এই সচেতনতামূলক কর্মসূচিতে নেতৃত্ব দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক এবং পুলিশ পরিদর্শক সাইদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযানের প্রকৃত সংখ্যা, ধরন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য এই শুমারির মাধ্যমে নিরূপণ করা হচ্ছে। এই সংগৃহীত তথ্য ভবিষ্যতে দেশের নৌপরিবহন খাতের টেকসই উন্নয়ন ও নীতি নির্ধারণে মাইলফলক হিসেবে কাজ করবে।
১১৭ বার পড়া হয়েছে