গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর উদ্যোগে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণে সহায়তা করতে এই কর্মসূচির সূচনা করা হয়।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি ও রাজাবাড়ী হাট এলাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজের প্রধান কার্যালয়ের এমএন্ডটি টিম লিডার ও সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ-আল মঈন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজের মোড়াপাড়া শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জোনের জোনাল ম্যানেজার তৌফাজ্জল হোসেন, রাজশাহী সাব-জোনের সাব জোনাল ম্যানেজার মামুনুর রশিদ, নাটোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার শরিফুল ইসলাম এবং নাটোর জোনের সাব জোনাল ম্যানেজার জাসুদ মোল্লা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টিতে ঋণ সহায়তা অত্যন্ত জরুরি। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করাই এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) আত্ম-কর্মসংস্থানমূলক নানা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে আসছে। নতুন এই উদ্যোগের ফলে স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা সহজ শর্তে আর্থিক সহায়তা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
১২৫ বার পড়া হয়েছে