সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের শাকবাড়িয়া নদীতে পড়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে নদী থেকে উদ্ধার করে নিরাপদে জাহাজে ফিরিয়ে দেয়।
ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসা 'এমভি আলফাডাঙ্গা প্রাইড' নামের একটি বাণিজ্যিক জাহাজ সুন্দরবনের আংটিহারা এলাকায় অবস্থান করছিল। গত শনিবার (১৫ আগস্ট) দুপুরে জাহাজটির ওপরের ডেকে কাজ করার সময় এক ক্রু অসাবধানতাবশত নদীতে পড়ে যান।
ওই সময় সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কয়রা'র একটি নিয়মিত টহল দল নিয়োজিত ছিল। ক্রু নদীতে পড়ে যাওয়ার ঘটনাটি টহল দলের সদস্যদের চোখে পড়লে তারা বিলম্ব না করে উদ্ধার অভিযান শুরু করেন।
কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দ্রুত নদী থেকে ভাসমান ওই ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে নিরাপদে নিজ বাণিজ্যিক জাহাজে পৌঁছে দেওয়া হয়।
রবিবার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যেকোনো জরুরি পরিস্থিতিতে জানমাল রক্ষায় এবং নৌপথে উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১২৪ বার পড়া হয়েছে