পঞ্চগড়ে মৎস্য পক্ষ শুরু: মাছের ঘাটতি দূর করার ঘোষণা প্রতিমন্ত্রীর
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ সকালে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে জেলাকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
রবিবার (১৬ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ে বর্তমানে প্রায় চার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। আগামী মৎস্য সপ্তাহের আগেই এই ঘাটতি দূর করে পঞ্চগড় জেলাকে মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলায় পরিণত করতে সংশ্লিষ্ট সবাইকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা ড. কে. এম. আবদুল হালিম। এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সফল মৎস্য চাষি ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন চাষিকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
১৩১ বার পড়া হয়েছে