গোপালগঞ্জে নিখোঁজ কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৬:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের একদিন পর এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে police। পাট কেটে বাড়ি ফেরার পথে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া ওই ব্যক্তির লাশ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মিটু খলিফা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামের রশিদ খলিফার ছেলে। তিনি কৃষিকাজের জন্য ঘটনার আগের দিন সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার বাড়ির পাশের একটি জমিতে পাট কাটার উদ্দেশ্যে যান মিটু খলিফা। কাজ শেষ করে সাঁতরে খাল পার হয়ে বাড়ি ফেরার সময় তিনি খালের প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে স্বজনরা ফরিদপুর ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও দীর্ঘ চেষ্টা চালিয়ে তার সন্ধান মেলাতে পারেনি।
পরদিন রোববার সকালে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যের কান্দি গ্রামের খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান লাশটি উদ্ধার করে। খবর পেয়ে মিটুর স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহটি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১০৮ বার পড়া হয়েছে