শৈলকুপায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৭:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় 'রূপালি মৎস্য সনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সকালে স্থানীয় একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তারা দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অনন্য অবদানের কথা তুলে ধরেন। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় রক্ষা এবং দেশীয় মাছের বিলুপ্তি রোধে মৎস্যজীবীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল করার তাগিদ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাসেল আহমেদসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য সফল মৎস্যচাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন মৎস্যজীবীদের আরও উৎসাহিত করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
১১৯ বার পড়া হয়েছে