মাদক ও জুয়ামুক্ত নান্দাইল গড়ার ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে সম্পূর্ণ মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এই লক্ষ্য অর্জনে খুব শীঘ্রই একটি বিশেষ সামাজিক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার নান্দাইল মডেল মসজিদে আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা ও ক্বওমী মাদরাসা আয়োজিত ‘ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ ও ক্বওমী মাদ্রাসার অবদান’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী। সেখানে তিনি মাদক নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগের ওপর জোর দেন। তিনি সাফ জানিয়ে দেন, মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
নান্দাইলের স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে নান্দাইলকে চাঁদাবাজমুক্ত করা সম্ভব হয়েছে। এলাকার উন্নয়নে গত ছয় মাসে প্রায় ১৮০টি নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া ১৪টি মসজিদের উন্নয়নের জন্য ইতোমধ্যে ৪২ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং ২০২৬-২৭ অর্থবছরে এই সহায়তার পরিধি আরও বাড়ানো হবে।
ধর্মীয় শিক্ষার প্রসারে সরকারি উদ্যোগের কথা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, এখন থেকে প্রতি বছর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২০২৬ সালে দেশব্যাপী হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করারও পরিকল্পনা রয়েছে সরকারের।
নান্দাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় আলেম-ওলামা, কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১২৯ বার পড়া হয়েছে