খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৬। শনিবার বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নেয়ার তাগিদ দেওয়া হয়।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতা করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং দেশের বিশিষ্ট কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত একটি আকর্ষণীয় তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বিভিন্ন অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে নবীন ও কৃতি শিক্ষার্থীদের কয়েকজন নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো কৃষি। তিনি দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি ও প্রাকৃতিক বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। একই সঙ্গে কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুস্থানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং নানা সীমাবদ্ধতার মধ্যেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার নবীনদের উষ্ণ অভিনন্দন জানান। তিনি দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের গণআন্দোলনসহ বিভিন্ন অধিকার আদায়ের লড়াইয়ে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশের জাতীয় উন্নয়নে আত্মনিয়োগ করার পরামর্শ দেন।
১২০ বার পড়া হয়েছে