বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
শুক্রবার রাত ৩টার দিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন পুনরায় চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে তখন ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। পরে ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করা হলে ইউনিটটি আবার চালু করা হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ১ নম্বর ইউনিটের পাশাপাশি ৩ নম্বর ইউনিটও বর্তমানে চালু আছে। ৩ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
তবে কেন্দ্রটির ২ নম্বর ইউনিট ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে সচল ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদনের মাধ্যমেই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১২১ বার পড়া হয়েছে