সর্বশেষ

সারাদেশ

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার (১৬ আগস্ট) সড়কপথে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেলাটিতে এটি তাঁর প্রথম সফর। দিনব্যাপী সফরে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্তকরণ, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান দেওয়ার কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল থেকেই কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি শুরু হবে। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও কথা রয়েছে।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের জন্য ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দেওয়ার কথা রয়েছে।

এবারের জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার বাইরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। ১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হবে। এর প্রতিপাদ্য ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

মৎস্য পক্ষের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্দেশে রওনা হবেন। দুপুর আড়াইটার দিকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এরপর কিশোরগঞ্জ সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিভিন্ন সড়কের গর্ত সংস্কার, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানোর কাজও করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয় সংসদ সদস্যরা আশা করছেন, এ সফরে কিশোরগঞ্জের যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা, মৎস্য খাতসহ বিভিন্ন উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

বৃহত্তর ময়মনসিংহ দেশের মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মৎস্য খাতে কিশোরগঞ্জের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই এবার কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে কিশোরগঞ্জ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন