মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, আগামী ১৮ আগস্ট থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী র্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাকারিয়া তাহের।
মন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নষ্ট করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। মাদককে কেন্দ্র করে অপরাধ, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় বাড়ে। তাই মাদকমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
জাকারিয়া তাহের বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে।
কুমিল্লাকে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক জেলায় প্রবেশ করছে। আবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। মাদক কারবারিদের এই নেটওয়ার্ক ভেঙে দিতে প্রশাসন কঠোরভাবে কাজ করবে বলে জানান তিনি।
কুমিল্লায় কোনো মাদক কারবারিকে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে জাকারিয়া তাহের বলেন, জেলা পুলিশের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী, গণমাধ্যমকর্মীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করতে হবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে কুমিল্লার প্রতিটি থানায় একটি করে তথ্য বক্স স্থাপনের কথাও জানান মন্ত্রী। এসব বক্সে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার সুযোগ থাকবে।
মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান জাকারিয়া তাহের। তাঁর ভাষ্য, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এটাই প্রত্যাশা। তবে মাদক ব্যবসা চালিয়ে গেলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, কুমিল্লায় শুরু হওয়া মাদকবিরোধী কর্মসূচি জেলার প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। এটি এক দিনের কোনো কর্মসূচি নয়; ধারাবাহিক সামাজিক আন্দোলন হিসেবে এটি পরিচালিত হবে। মাদকমুক্ত কুমিল্লা গড়তে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, যুবসমাজ, গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও সুশীল সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি পুরো সমাজের দায়িত্ব। কুমিল্লা জেলা পুলিশ এ কাজে নেতৃত্ব দেবে এবং সবাইকে তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মুস্তাক মিয়া।
আলোচনা সভা শেষে কুমিল্লা নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
১১৬ বার পড়া হয়েছে