গোপালগঞ্জে পুকুর ও ঘর থেকে বৃদ্ধাসহ দুই নারীর মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক স্থান থেকে এক বৃদ্ধা ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার খাগড়াবাড়িয়া ও সাফলীডাঙ্গা গ্রাম থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালে পাঠিয়েছে।
কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত মালেক শেখের স্ত্রী রাহাতুন বেগম (৭৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত শুক্রবার রাতে তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। স্বজনেরা বিভিন্ন স্থানে সন্ধান করেও তাঁর খোঁজ পাননি। আজ মঙ্গলবার দুপুরে বাড়ির অদূরে একটি পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রাম থেকে সানজিদা বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের ইমরান শেখের স্ত্রী। পারিবারিক কলহের জেরে সোমবার দিবাগত রাতে স্বামীর সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। গভীর রাতে ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
১০৬ বার পড়া হয়েছে