২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত : ইসি সচিব
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়ার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ ও গণনার কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকবে।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পর্কে আজ মঙ্গলবার বিস্তারিত জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে তিনি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভায় অংশ নেন।
ইসি সচিব জানান, ২০ আগস্ট দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কোনো সংসদ সদস্য অনিবার্য বা অনির্ধারিত কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে দেরি করতে পারেন—এমন সম্ভাবনা বিবেচনায় রেখেই ভোটগ্রহণের সময় বিকেল ৫টা পর্যন্ত রাখা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হলেন জাতীয় সংসদের সদস্যরা। তাঁরা অধিবেশন কক্ষের নিজ নিজ আসনে অবস্থান করবেন। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোটারদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন।
প্রতিটি ব্যালট পেপারে দুটি অংশ থাকবে। একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট। মুড়ি অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জন্য নির্ধারিত ঘর থাকবে।
মূল ব্যালটের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্য ভোটার তাঁর পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে প্রার্থীর পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।
ভোটারদের সুবিধার জন্য অধিবেশন কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা এসব বাক্সের যেকোনো একটিতে তাঁদের ব্যালট জমা দিতে পারবেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকেল ৫টার পর অধিবেশন কক্ষেই ব্যালট গণনা শুরু হবে। ব্যালট বাক্সগুলো সবার সামনে খুলে গণনার কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য প্রাথমিকভাবে চার বা পাঁচজন সদস্য নিয়ে একটি ব্যালট গণনা দল গঠন করা হবে।
গণনা শেষে মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ ও কতটি বাতিল হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন, তা ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), যিনি রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনকর্তার দায়িত্ব পালন করবেন। ঘোষণা অধিবেশন কক্ষেই করা হবে।
এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
ইসি সচিব আরও জানান, অধিবেশন কক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম সরাসরি সম্প্রচারের সুবিধা থাকবে। সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানও রাখা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২০ জন কর্মকর্তাকে বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে।
এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। এই অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট বা সিদ্ধান্ত নিতে পারবেন না। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলে সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। ফলে এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
১২৫ বার পড়া হয়েছে