সিদ্ধিরগঞ্জে রাসায়নিকের গোডাউনে আগুন, লাখ লাখ টাকার ক্ষতি
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ফার্ণিচারের বার্ণিশ তৈরির রাসায়নিকের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে আগুনে গোডাউনে থাকা থ্রিনার, স্পিরিট, তারপিন তেলসহ বিভিন্ন রাসায়নিক ও মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সানারপাড় এলাকায় বার্ণিশ তৈরির রাসায়নিকের ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর গোডাউনের ভেতরে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক দাহ্য পদার্থে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে থ্রিনার, স্পিরিট, তারপিন তেলসহ বার্ণিশ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক ও অন্যান্য মালামাল পুড়ে যায়। আগুনে কয়েক লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বার্ণিশ তৈরির কাজে ব্যবহৃত গ্র্যান্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর আরও নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১০৮ বার পড়া হয়েছে