সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করা হয়। তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতার মূল্যবোধ ছড়িয়ে দিতেই এই সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মানব সভ্যতার সূচনা থেকেই দুর্নীতির অস্তিত্ব দেখা গেছে। মানুষের অন্তহীন লোভই মূলত দুর্নীতিতে জড়িয়ে পড়ার প্রধান কারণ। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে পারলে তারা স্বতঃস্ফূর্তভাবে দুর্নীতি থেকে দূরে থাকবে এবং একটি সুন্দর সমাজ গঠনে অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, এনডিসি নাফিউল ইসলাম এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন।
উদ্বোধনী দিনে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘দুর্নীতি বিরোধী পদক্ষেপে সরকারের দায়বদ্ধতাই বেশি’। এতে পক্ষের দল হিসেবে বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষের দল হিসেবে বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মোঃ অলিউর রহমান, সহকারী অধ্যাপক শাহেদ মোস্তফা চৌধুরী এবং প্রভাষক ওমর ফারুক।
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় এই আয়োজনে জেলার মোট ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১১০ বার পড়া হয়েছে