কুয়াকাটায় পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে চালকদের বিশেষ সভা
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধে স্থানীয় যানবাহন চালকদের নিয়ে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল চালকদের পর্যটকদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার আহ্বান জানানো হয়। কুয়াকাটা পর্যটন শিল্পের সুনাম রক্ষায় ও সেবার মান বাড়াতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটা ডিসি বাংলো সংলগ্ন এলাকায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। কুয়াকাটা পৌর শ্রমিক দলের সভাপতি মানিক ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু। সভায় বক্তারা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোরালো তাগিদ দেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু বলেন, কুয়াকাটা দেশের অন্যতম সেরা পর্যটনকেন্দ্র এবং এর ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব স্থানীয় সবার। পরিবহন চালকদের আচরণের ওপর কুয়াকাটার সুনাম অনেকাংশে নির্ভর করে। তাই কোনো পর্যটক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, নিরাপদ পরিবহন ব্যবস্থা পর্যটন খাতের প্রাণ। চালকদের আরও দায়িত্বশীল আচরণ ও পেশাদারিত্ব কুয়াকাটার পর্যটনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান চালকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর। পর্যটক হয়রানি রুখতে চালকদের নিয়মতান্ত্রিকভাবে গাড়ি পার্কিং ও সুনির্দিষ্ট নিয়ম মেনে চলার তাগিদ দেওয়া হয় এই সভায়।
কুয়াকাটা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জলিল সুকানিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী এবং কয়েকশত ইজিবাইক ও মোটরসাইকেল চালক এই মতবিনিময় সভায় অংশ নেন। সভায় চালকেরা কুয়াকাটার পরিবেশ রক্ষায় ও পর্যটকদের সেবাদানে প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
১২১ বার পড়া হয়েছে