সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: হামলার আশঙ্কায় পুলিশের শরণাপন্ন বিদ্যুৎ অফিস

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকটের জেরে চরম ক্ষোভ তৈরি হয়েছে গ্রাহকদের মাঝে। ২৪ ঘণ্টার মধ্যে ১৫ ঘণ্টাই বিদ্যুৎহীন থাকায় যেকোনো সময় ক্ষুব্ধ জনতা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় জেলা পুলিশ সুপারের কাছে বিশেষ নিরাপত্তা চেয়েছে স্থানীয় ওজোপাডিকো কর্তৃপক্ষ।

গোপালগঞ্জ জেলা শহর ও আশপাশের এলাকায় বর্তমানে তীব্র লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমে অতিষ্ঠ গ্রাহকদের মধ্যে ক্রমশ ক্ষোভ দানা বাঁধছে। এই পরিস্থিতিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) স্থানীয় কার্যালয় এবং বিদ্যুৎ উপকেন্দ্রগুলোয় হামলার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

নিরাপত্তা নিশ্চিত করতে ওজোপাডিকোর গোপালগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো: মাঈন উদ্দিন জেলা পুলিশ সুপারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ স্থাপনাসমূহকে নিয়মিত পুলিশি টহলের আওতায় আনার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওজোপাডিকোর অধীনে গোপালগঞ্জ পৌর এলাকায় বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট। তবে জাতীয় গ্রিড থেকে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৯ থেকে ১০ মেগাওয়াট। চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় ঘন ঘন লোডশেডিং করতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ বিভাগ।

এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো: মাঈন উদ্দিন জানান, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বিদ্যুৎ উপকেন্দ্রগুলোর স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

অন্য দিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানিয়েছেন, আবেদনপত্রটি এখনো তাঁর হাতে পৌঁছায়নি। তবে চিঠি পাওয়ামাত্রই বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেওয়া হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন