ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ভিসা। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন।
বাংলাদেশে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো, প্রযুক্তিগত সহযোগিতা জোরদার এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বৈশ্বিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় বাংলাদেশে ভিসার বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে স্টিফেন কার্পিন বলেন, বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে কাজ করার বড় সুযোগ রয়েছে। দেশের যেসব ব্যাংক হিসাবধারী এখনো কার্ড ব্যবহারের আওতায় নেই, তাঁদের কার্ড ব্যবহারে উৎসাহিত করা এবং ডিজিটাল লেনদেন বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চায় ভিসা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্ট।
সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবদান রাখার আগ্রহের কথাও জানান স্টিফেন কার্পিন। একই সঙ্গে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি আলোচনায় আসে।
বাংলাদেশে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা বৈশ্বিক সেবা কেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারত্বকে স্বাগত জানান। দেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৪ বার পড়া হয়েছে