নগরকান্দায় সরকারি নিয়োগ নিয়ে অপপ্রচার, হোয়াটসঅ্যাপ গ্রুপের বিরুদ্ধে থানায় ইউএনওর অভিযোগ
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় সরকারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র অভিযোগ উঠেছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রোববার বিকালে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। সরকারি এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা ও জনমনে বিভ্রান্তি ছড়ানো রোধেই এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করতে এবং এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে একটি মহল সুপরিকল্পিতভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ডাঙ্গী ইউনিয়নের বাশাঁগাড়ী গ্রামের কবিরুল ইসলাম এবং তালমা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিন। তারা ছাড়াও এই চক্রে জড়িত বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পূর্বেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কাল্পনিক ও ভুয়া ফলাফলের নমুনা ছড়াতে শুরু করে। এর ফলে নিয়োগপ্রত্যাশী সাধারণ মানুষ ও স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
এই ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ব্যবহৃত নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। ফলে তাদের কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, ইউএনওর লিখিত অভিযোগটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
১০৮ বার পড়া হয়েছে