জয়পুরহাটে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী রেলস্টেশনে চিফ কমার্শিয়াল ম্যানেজারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুকিং সহকারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার দুপুরে জয়পুরহাট রেল স্টেশন প্ল্যাটফর্মে 'বুকিং সহকারী অ্যাসোসিয়েশন-পাকশী'র ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত চলা এই মানববন্ধনে জেলার বিভিন্ন স্টেশনের রেলকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে বক্তারা গত ৭ আগস্ট রাজশাহী রেলস্টেশনে রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মোহাম্মদ আহছান উল্যা ভূঁঞার ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। একই সাথে ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আক্কেলপুর রেলস্টেশনের বুকিং সহকারী মনিরুল করিম, জয়পুরহাট রেলস্টেশনের শামীম হোসেন, এ কে আজাদ, ছন্দা ঘোষ, পাঁচবিবি রেলস্টেশনের এনায়েতুল্লাহ, টিকিট কালেক্টর আহমেদুর রেজা শুভ এবং সান্তাহার রেলস্টেশনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) গৌর চন্দ্র সিং।
বক্তারা বলেন, প্রতিনিয়ত বিনা টিকিটের যাত্রীদের হাতে রেলকর্মীরা লাঞ্ছিত হচ্ছেন। রেলওয়ের যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জোর দাবি জানান তারা।
১১৫ বার পড়া হয়েছে