নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলের সবাই এসএসসি-তে জিপিএ-৫
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। চলতি বছরের পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে শতভাগ পাস করার অনন্য গৌরব অর্জন করেছে।
নরসিংদীর এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির পরীক্ষা শাখা থেকে জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। বিদ্যালয়ের ধারাবাহিক গৌরবময় ফলাফল অব্যাহত রেখে সকল পরীক্ষার্থীই কৃতিত্বের সাথে জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয়েছে।
২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই স্কুলটি দেশসেরা ফলাফল অর্জন করে আসছে। বিগত বছরগুলোতেও শতভাগ পাসসহ বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে এই বিদ্যাপীঠ। বিশেষ করে ২০২৫ সালে ৩২০ জন এবং ২০২২ সালে ২৬৬ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছিল, যা চলতি বছরের ফলাফলেও পুনরাবৃত্তি ঘটেছে।
সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিজ্ঞান বিভাগের কৃতী শিক্ষার্থী তাজরিয়ান হোসেন মুন জানায়, নিয়মিত ক্লাসে অংশ নেওয়া, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং বাবা-মায়ের অনুপ্রেরণায় এই চমৎকার ফলাফল সম্ভব হয়েছে। মডেল টেস্ট এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমেই সে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করেছিল।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, তাদের মূল লক্ষ্য হলো মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য মানবসম্পদে রূপান্তর করা। পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যকার চমৎকার সমন্বয়ের কারণেই প্রতি বছর এমন অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন এই ধারাবাহিক সাফল্যের জন্য প্রতিষ্ঠাতা সভাপতির দূরদর্শী দিকনির্দেশনা ও শিক্ষকদের কঠোর পরিশ্রমকে ধন্যবাদ জানান। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, সহশিক্ষা কার্যক্রমেও এই স্কুলটি দেশসেরা অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন।
১২২ বার পড়া হয়েছে