জ্বালানি খাত পুনর্গঠনে কাজ চলছে কিন্তু অস্থিতিশীল করছে একটি চক্র: প্রধানমন্ত্রী
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিভিন্নভাবে বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করে পরিস্থিতি আরও জটিল করার চেষ্টা চলছে। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস নিয়ে মানুষের ভোগান্তির কথা স্বীকার করে তিনি বলেছেন, একটি ভঙ্গুর জ্বালানি ব্যবস্থা সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে।
শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অনেক মানুষ বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসসংক্রান্ত সমস্যায় ভুগছেন। সরকার বিষয়টি অস্বীকার করছে না। বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার জন্য কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, গ্যাস, জ্বালানি ও পেট্রোলসহ সামগ্রিক জ্বালানি খাতে অতীতে অপরিকল্পিতভাবে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি নেওয়া হয়েছিল। একই সঙ্গে বিশেষ কিছু মহলকে সুবিধা দিতে বিভিন্ন নীতি গ্রহণ করা হয়েছিল। এসব সিদ্ধান্তের প্রভাব এখন পুরো দেশ, জনগণ ও বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।
প্রধানমন্ত্রীর ভাষ্য, অপরিকল্পিত পরিকল্পনা ও নীতির কারণে জ্বালানি খাত বর্তমানে সংকটের মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে জ্বালানি খাত পুনর্গঠন করে ধীরে ধীরে দেশের মানুষকে সংকট থেকে বের করে আনার লক্ষ্যেই কাজ চলছে।
স্বাস্থ্য খাত নিয়েও অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যত দ্রুত সম্ভব ‘ই-হেলথ কার্ড’ চালুর চেষ্টা করছে সরকার। এ ছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, শুধু স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন করলেই কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে নিজেদের দায়িত্বের প্রতি নিবেদিত থাকতে হবে। মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
১২২ বার পড়া হয়েছে