খুলনায় নানা কর্মসূচিতে পালিত হবে জাতীয় মৎস্য পক্ষ: প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জেলাজুড়ে শোভাযাত্রা, পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণীসহ নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় মৎস্য খাতের উন্নয়ন ও টেকসই উৎপাদনে জোর দেওয়া হয়।
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। সভায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের বিস্তারিত সময়সূচি ও কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ৯টায় নগরীর শহিদ হাদিস পার্কের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হবে। এরপর সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
দ্বিতীয় দিন ১৭ আগস্ট সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলন কক্ষে ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। যেখানে অংশীজন ও মৎস্য কর্মকর্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এরপর বিকাল তিনটায় জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক শিক্ষণীয় প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
সমাপনী দিন ১৮ আগস্ট সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণে আকর্ষণীয় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই দিন দুপুর দুইটায় খুলনা মৎস্য অধিদপ্তরের পরিচালকের সম্মেলন কক্ষে মূল্যায়নী আলোচনা ও জাতীয় মৎস্য পক্ষের সমাপ্তি ঘোষণা করা হবে।
প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এবং জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), মৎস্যজীবী সমিতি ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমবায় সমিতির প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করেন।
১০৬ বার পড়া হয়েছে