চলতি অর্থবছরেই ৫টি স্থানীয় সরকার নির্বাচন, সিলেটে সমবায় প্রতিমন্ত্রী
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের স্থানীয় সরকার নির্বাচন সময়মতো সম্পন্ন করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বর্তমান সরকার। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিলেটে এক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্বাচন আয়োজনের বাজেট ও সরকারি প্রস্তুতির কথা জানান।
সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রায় সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে এবং নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী এ বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও জানান, কোন নির্বাচনটি আগে বা পরে অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে চলতি আগস্ট মাস শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইতোমধ্যে আদালতের রায় হয়েছে। ফলে তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার হতে হবে এবং আদালতের নির্দেশই কার্যকর করা হবে। একজন সাধারণ নাগরিকের মতো তাঁর ফেরার সুযোগ নেই।
সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে মীর শাহে আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও খাল পুনরুদ্ধারে সিসিক প্রশংসনীয় ভূমিকা রাখছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রম সিসিককে দেশের অন্যান্য সিটির চেয়ে এগিয়ে রেখেছে।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে