ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১০:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেন, একটি সংঘবদ্ধ চক্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সাতক্ষীরা বিএনপি আয়োজিত এই বর্ণাঢ্য সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানানো হয়।
শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা কার্যালয় থেকে বুধবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় মাইক্রোস্ট্যান্ড এলাকায় এসে এক পথসভা ও দোয়া অনুষ্ঠানে মিলিত হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক সুলাইমান কবিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ‘জুলাই সনদ’ চুক্তির গুরুত্ব তুলে ধরেন এবং এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপির প্রতিশ্রুতির কথা জানান।
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক সুবিধাভোগী লোক সংসদে এক রকম কথা বলে বাইরে এসে ভিন্ন সুরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। জান্নাতের টিকিটের মতো স্পর্শকাতর ধর্মীয় আবেগ ব্যবহার করে ফায়দা তোলার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জনগণের স্বার্থে দল সবসময় আপসহীন ভূমিকা পালন করেছে। ষড়যন্ত্রকারীদের হুশিয়ারি দিয়ে তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, অধ্যাপক আবু সাইদ, আমজাদুল ইসলামসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ। সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
১০৮ বার পড়া হয়েছে