পাবনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলার জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণ করা হয়। এই উপলক্ষে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
৫ আগস্ট সকালে পাবনা জেলা পরিষদ চত্বরে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা ঘটে। স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের স্মরণে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত বীর যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৩ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন।
১২০ বার পড়া হয়েছে