বেনাপোল ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম, সাবেক কৃষক লীগ নেতা আটক
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে সার্ভারের স্টপলিস্টে নাম থাকায় মো. হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত কৃষক লীগের সাবেক বহিষ্কৃত সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কার্যক্রম সম্পন্ন করতে গিয়ে আটক হন মো. হুমায়ুন তালুকদার। ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেওয়ার পর সার্ভারে থাকা স্টপলিস্টে তাঁর নাম শনাক্ত হয়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুর রশিদ তালুকদার। তাঁর পাসপোর্ট নম্বর A05025454।
ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন তালুকদার জানান, তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি মির্জাপুর উপজেলা নিষিদ্ধ ঘোষিত কৃষক লীগের বহিষ্কৃত সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ জানিয়েছে, হুমায়ুন তালুকদারের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি এফআইআর নম্বর ০৫, তারিখ ৪ জানুয়ারি ২০২৬। এতে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে