রাজশাহীতে বিএসটিআইর অভিযানে মিষ্টির প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি মিষ্টির প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রি এবং দই–মাঠার লেবেলিংয়ে অনিয়মের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে নগরীর হড়গ্রাম বাজার এলাকার অলিম্পিয়া সুইটস নামের একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়। বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই সুইটমিট বা মিষ্টি উৎপাদন ও বিক্রি করছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদিত ফার্মেন্টেড মিল্কজাত পণ্য, যেমন দই ও মাঠার মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য বাধ্যতামূলক তথ্য উল্লেখ ছিল না।
এসব অনিয়মের দায়ে ভোক্তা স্বার্থ ও প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান পরিচালনার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বিএসটিআই জানিয়েছে, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
১২১ বার পড়া হয়েছে