নড়াইলে নজরুল বর্ষ উদযাপন: সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
নড়াইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গত সোমবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপনের এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় কবির সৃষ্টিকে স্মরণ করতে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা আবৃত্তি, নজরুলের গান এবং নৃত্যের এক মনোরম মেলবন্ধন। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা এই সাংস্কৃতিক পর্বে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেন। মনোজ্ঞ এই পরিবেশনায় সালমা ইয়াসমিন, মোনালী আঢ্য, রুহি বিশ্বাস, কাজী ফাতিমা এবং গোপাল বিশ্বাসসহ অনেকেই অংশ নেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাহফুজা ইয়াসমিন শ্রাবণী ও আমিনুর রহমান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তানি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন।
আলোচনা সভা শেষে জাতীয় স্তরের কৃতিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় লোকসংগীত বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী মোনালী আঢ্য এবং হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এম শাহারিয়ার হোসেনের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
১৮৩ বার পড়া হয়েছে