‘ট্রেক উইথ নিশাত ২০২৬’-এর মেন্টি ঘোষণা, নির্বাচিত তারমিম রহমান
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নারীদের ট্রেকিং ও পর্বতারোহণে অংশগ্রহণ উৎসাহিত করতে পরিচালিত মেন্টরশিপ কর্মসূচি ‘ট্রেক উইথ নিশাত’-এর পঞ্চম আসরের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীতে আয়োজিত অনুষ্ঠানে কঠোর নির্বাচন প্রক্রিয়া শেষে তারমিম রহমানকে ‘ট্রেক উইথ নিশাত ২০২৬’-এর মেন্টি হিসেবে ঘোষণা করা হয়। আগামী এক বছর তিনি বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেবেন।
রাজধানীর বনানীতে পর্বতারোহণ ক্লাব ‘অভিযাত্রী (Abhijatri – The Explorer)’ আয়োজিত অনুষ্ঠানে ‘ট্রেক উইথ নিশাত ২০২৬’-এর নির্বাচিত মেন্টির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বহুধাপের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে তারমিম রহমান এ বছরের মেন্টি নির্বাচিত হন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী এক বছর তারমিম রহমান সরাসরি নিশাত মজুমদারের মেন্টরশিপে ট্রেকিং, পর্বতারোহণ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি এবং দলগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করবেন। মেন্টরশিপ সফলভাবে সম্পন্ন করার পর নিশাত মজুমদারের সঙ্গে নেপাল হিমালয়ের একটি ট্রেকিং অভিযানে অংশ নেওয়ার সুযোগ পাবেন তিনি।
অনুষ্ঠানে ‘ট্রেক উইথ নিশাত ২০২৬’-এর নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় দেশের বিভিন্ন পর্বতারোহী ও এনডিউরেন্স স্পোর্টস–সংশ্লিষ্ট ব্যক্তিরা নারীদের পর্বতারোহণে অংশগ্রহণ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল দেশের জুয়েলারি ব্র্যান্ড ‘Amishee’ এবং পর্বতারোহণ ক্লাব ‘অভিযাত্রী’-এর মধ্যে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর। এই সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে ‘ট্রেক উইথ নিশাত’ কর্মসূচিতে নারীদের ট্রেকিং, অ্যাডভেঞ্চার ও পর্বতারোহণে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগে সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদারের উদ্যোগে ২০২২ সালে ‘ট্রেক উইথ নিশাত’ কর্মসূচির যাত্রা শুরু হয়। ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণীদের মধ্যে ট্রেকিং ও পর্বতারোহণের প্রতি আগ্রহ তৈরি এবং ভবিষ্যৎ নারী অভিযাত্রী গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজকদের মতে, এটি কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং আত্মবিশ্বাস, নেতৃত্ব, শারীরিক ও মানসিক সক্ষমতা এবং দলগত চেতনা বিকাশের একটি দীর্ঘমেয়াদি মেন্টরশিপ কর্মসূচি। একই সঙ্গে দেশের তরুণীদের জন্য পর্বতারোহণের মতো ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং অঙ্গনে অংশ নেওয়ার সুযোগ বাড়ানো এবং নতুন প্রজন্মের নারী অভিযাত্রী তৈরি করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
১২৮ বার পড়া হয়েছে