নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি মোশাররফ
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নকে বিভক্ত করে ‘১৩ নং হাজীপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
৫ নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদকে ভেঙে নতুন এ ইউনিয়ন পরিষদটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী নতুন ইউনিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদন পত্রে স্বাক্ষর করেছেন। এর ফলে কলাপাড়া উপজেলায় এখন ইউনিয়ন পরিষদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে। এ ছাড়া এ উপজেলায় রয়েছে ২টি পৌরসভা ও ২টি থানা।
পুনর্গঠিত ৫ নং নীলগঞ্জ ইউনিয়নটি এখন নীলগঞ্জ, নবীপুর, কুমির মারা, টুঙ্গিবাড়ীয়া ও সোনাতলা মৌজার একাংশসহ মোট ২৫টি গ্রাম নিয়ে পরিচালিত হবে। এই ইউনিয়নের বর্তমান জনসংখ্যা ২১ হাজার ৯৮০ জন। অন্যদিকে, নতুন গঠিত ১৩ নং হাজীপুর ইউনিয়নটি উমেদপুর, হাজিপুর ও সোনাতলা মৌজার অংশ নিয়ে মোট ২৪টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে, যার জনসংখ্যা ২০ হাজার ৬০০ জন।
কলাপাড়ার এই ঐতিহাসিক সিদ্ধান্তে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন জানান, নির্বাচনের সময় স্থানীয় জনগণের অন্যতম প্রধান দাবি ছিল এই নতুন ইউনিয়ন গঠন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অল্প সময়ের মধ্যেই ভোটারদের সেই দাবি পূরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবিএম মোশাররফ।
এই বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন জানান, নির্বাচিত হয়েই তিনি জনকল্যাণমূলক কাজ শুরু করেছেন। আগামী সপ্তাহের প্রথম দিকেই নতুন হাজীপুর ইউনিয়ন গঠনের সরকারি গেজেট প্রকাশিত হবে। এর পাশাপাশি মহিপুরকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করার কাজও শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও যোগ করেন, কলাপাড়ার সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে বড় ধরনের বরাদ্দ এসেছে। ইতিমধ্যে ৫৫ কোটি টাকা ব্যয়ে ৫০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যার কাজ চলমান। একই সাথে শত কোটি টাকা ব্যয়ে বি-সেফ প্রকল্পের আওতায় দুটি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ এবং ১২টি ব্রিজের প্রস্তাবনা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে