সর্বশেষ

সারাদেশ

খুবিতে যৌন হয়রানির দায়ে অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, অপর শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বাংলা ডিসিপ্লিনের আরেক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৭তম সাধারণ সভায় এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যৌন হয়রানি নিরোধ কেন্দ্রের পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনসারের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে দুইজন সিন্ডিকেট সদস্য, একজন দক্ষ আইনজীবী, সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের পরিচালককে রাখা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং ছাত্রীবাসের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের ঘটনার পর থেকেই উত্তাল ছিল খুবি ক্যাম্পাস। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কাজ বর্জন করে আসছিলেন। আন্দোলনের একপর্যায়ে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে চলমান ছাত্র আন্দোলনের একটি বড় জয় হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ জানিয়েছেন, তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ এবং সব দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখবেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন