আদিবাসীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের অধিকার আদায়ে এবং নিজেদের দাবি-দাওয়া আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফ্যাসিবাদী দুঃশাসনের পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও জোর দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নের লক্ষ্যে বিশেষ বরাদ্দপত্র ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অবহেলিত আদিবাসী জনগোষ্ঠীকে তাদের অধিকার রক্ষায় আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।
মির্জা ফখরুল তাঁর বক্তব্যে বলেন, দেশের পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করাই বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য। ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও আদিবাসী নারী নেত্রী আন্না মিঞ্জকে জাতীয় সংসদে এমপি হিসেবে মনোনয়ন দিয়ে বিএনপি প্রমাণ করেছে যে তারা আদিবাসীদের উন্নয়নে আন্তরিক। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের রূপরেখায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মতো যুগান্তকারী কর্মসূচি রয়েছে যা নারীদের ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে পুলিশ সুপার বেলাল হোসেন, সদর ইউএনও খায়রুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪১৮ জন আদিবাসী সদস্যের মাঝে সর্বমোট ৬৯ লাখ ৭৪ হাজার টাকার বেশি বরাদ্দপত্র, বাইসাইকেল, সেলাই মেশিন এবং শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়।
১১৭ বার পড়া হয়েছে