২০২৭ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, আসছে নতুন শিক্ষাক্রম
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বাস্তবতা ও সংস্কৃতি বিবেচনা করে নতুন প্রাথমিক শিক্ষা কারিকুলাম প্রণয়ন করছে সরকার। সিলেটে এক কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ২০২৭ সালের মধ্যে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু এবং শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। ধর্মীয় ও নাগরিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এই শিক্ষাক্রম সাজানো হচ্ছে।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত শিক্ষাপদ্ধতি রূপায়ণের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে।
শিক্ষকদের নতুন নীতিমালার খসড়া আগামী ১৭ আগস্টের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এই নীতিমালা প্রণয়নের পর শিক্ষকদের নতুন পে-স্কেল বা বেতন কাঠামো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। তবে নীতিমালা চূড়ান্ত হওয়ার পূর্বে এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি।
সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে বিভ্রান্তি দূর করে তিনি জানান, প্রাথমিক স্তরে সহ-শিক্ষা কার্যক্রমের জন্য শিক্ষক নিয়োগের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তবে তা গতানুগতিক রাজস্ব খাতের পরিবর্তে নতুন নীতিমালার আলোকে প্রয়োজন অনুযায়ী করা হবে।
চলতি মিড-ডে মিল কর্মসূচির বিষয়ে তিনি উল্লেখ করেন, পাইলট প্রজেক্টের ত্রুটিবিচ্যুতি দূর করতে মাদার্স কমিটি গঠন ও খাদ্য প্রযুক্তিবিদ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সব পরীক্ষা নিরীক্ষা শেষে ২০২৭ সাল থেকে দেশজুড়ে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে। একই সাথে ২০২৮ সালের মধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকেও নজরদারির আওতায় আনা হবে।
১২১ বার পড়া হয়েছে