নওগাঁয় হাসপাতাল চত্বরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের জেরে হাসপাতাল চত্বরে মোসা. মনিরা বেগম (২৬) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. ফরহাদ হোসেনকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনিরা বেগম ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নভুক্ত অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে। অন্যদিকে গ্রেপ্তার হওয়া ঘাতক স্বামী ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই এই দম্পতির মধ্যে পারিবারিক কোন্দল চলছিল।
নিহতের বোন মহসিনা বেগম জানান, ফরহাদ ঢাকায় রিকশা চালাতেন এবং মনিরা দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন। সোমবার ভোরে ঢাকা থেকে শ্বশুরবাড়িতে আসেন ফরহাদ। এরপর সকালে চিকিৎসার কথা বলে মনিরা ও তার বোন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ফরহাদও সেখানে যান।
হাসপাতাল চত্বরে পৌঁছানোর পর তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফরহাদ পকেট থেকে ধারালো ছুরি বের করে মনিরার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং অভিযুক্ত ঘাতককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে