নরসিংদীতে বেসরকারি হাসপাতালে ওটি ও ল্যাব সিলগালা, লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদী পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও ত্রুটি শনাক্ত করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে হাসপাতাল ও ডায়াগনস্টিকের ল্যাব সিলগালা করা হয়।
নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে সোমবার এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতি অমান্য করায় আল ফালাহ পিপলস (প্রাঃ) হাসপাতাল ও সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে জানা যায়, আল ফালাহ পিপলস হাসপাতালে হালনাগাদ লাইসেন্স ছিল না। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাব ও ওটির কার্যক্রম চালানো হচ্ছিল। হাসাপাতালটিতে পর্যাপ্ত ডিপ্লোমাধারী নার্স, দক্ষ ল্যাব টেকনিশিয়ান এবং প্রসূতি মায়েদের সেবার জন্য কোনো সার্টিফায়েড মিডওয়াইফ পাওয়া যায়নি। এমনকি জরুরি সময়ের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহেরও ঘাটতি ছিল।
এসব গুরুতর অনিয়মের কারণে আল ফালাহ হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাদের অপারেশন থিয়েটার ও প্যাথলজিক্যাল ল্যাব সিলগালা করে দেওয়া হয়। যথাযথ মানদণ্ড অর্জন না করা পর্যন্ত এই বিভাগগুলোর কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, একই এলাকার সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ব্যাপক অনিয়ম ধরা পড়ে। ফলে প্রতিষ্ঠানটির ল্যাব সিলগালা করার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
১২২ বার পড়া হয়েছে