ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার ড. মো. ইদ্রিস আলী
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিয়োগ দিয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর ১২(১) ধারা অনুযায়ী ড. মো. ইদ্রিস আলীকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ট্রেজারার হিসেবে ড. মো. ইদ্রিস আলীর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি ট্রেজারার পদে তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতা পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং তাঁকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
ড. মো. ইদ্রিস আলী বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্বও পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন হলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
১৩৯ বার পড়া হয়েছে