সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স: চলবে ৭ দিনের বিশেষ অভিযান
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় মাদক, চোরাচালান ও অনলাইন জুয়া নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জেলাজুড়ে এক সপ্তাহের এক বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। সোমবার সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর বার্তা দেন।
সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে চোরাচালান, অবৈধ ঘাট নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও পুলিশের ভূমিকা নিয়ে খোলামেলা প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
ডিআইজি মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের অধীনে পুলিশ দৃশ্যমান হবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকবে। কোনো পুলিশ সদস্য মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক বিক্রেতাদের পাশাপাশি যারা তাদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। এছাড়াও অনলাইন জুয়া পরিচালনাকারী পেজগুলোর বিরুদ্ধে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে।
মতবিনিময় সভায় জেলার জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী এবং বর্তমান সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার আগে ডিআইজি পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
১১৫ বার পড়া হয়েছে