শাপলা চত্বরের হত্যাকাণ্ড: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন অগ্রগতি হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান।
অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি একেএম শহিদুল হকসহ মোট ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলায় বর্তমানে ৯ জন গ্রেপ্তার রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।
প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় সংঘটিত ঘটনাগুলোতে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
মামলার অভিযোগ ও তদন্ত-সংশ্লিষ্ট তথ্য আদালতের বিচারিক প্রক্রিয়ার অংশ। মামলার পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে এ বিষয়ে নতুন তথ্য প্রকাশিত হতে পারে।
১২৪ বার পড়া হয়েছে