রাজনৈতিক পরিচয়ে যোগ্যতা ও সততাকে গুরুত্ব দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৬:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাব না রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা ও সততাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনার নির্দেশ দিয়েছেন।
রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কর্মকর্তা যেন রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে মূল্যায়নে প্রভাবিত না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একজন কর্মকর্তার পেশাগত যোগ্যতা, দায়িত্ব পালনের দক্ষতা, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, শৃঙ্খলাবোধ এবং সততাই পদোন্নতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বিভিন্ন দুর্যোগে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দেশের স্বার্থে সেনাবাহিনীর অবদানের প্রশংসা করে তিনি সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর প্রথম পর্বে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে।
১২১ বার পড়া হয়েছে