ওমরাহ যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ মৃত্যু
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবের রিয়াদ থেকে মক্কায় পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফরিদপুরের এক প্রবাসী পরিবারের মা ও তাঁর দুই সন্তান রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত স্বামী ও আরেক সন্তানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর মেয়ে জারা (১৫) এবং ছেলে তাসবিক (২০)। এ ঘটনায় মারাত্মক আহত রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে সপরিবারে বসবাস করছেন। রিয়াদের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত শফিকুল গত বৃহস্পতিবার সকালে পরিবার নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
নিহতের ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ জানান, রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ যাওয়ার পর পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাঁদের ব্যক্তিগত গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কাটি গাড়ির পেছনে লাগায় সামনের আসনে থাকা শফিকুল ও নাবিল অলৌকিকভাবে বেঁচে গেলেও পেছনের আসনে থাকা তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারান।
বর্তমানে আহত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত রয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
১২১ বার পড়া হয়েছে