‘আওয়ামী লীগের রাষ্ট্রপতি সরাতে না পারলে দেশ বদলাবে কীভাবে’: জামালপুরে নাহিদ ইসলাম
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও মূখ্য সংগঠক সারজিস আলম। তারা বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অবিলম্বে অপসারণ ও গ্রেফতার দাবি করেন এবং গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় দেশ সংস্কার বা কোনো প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলে হুঁশিয়ারি দেন তারা।
জামালপুর শহরের ফৌজদারী মোড়ে এনসিপি জেলা শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বর্তমান সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করার সাহস বা সক্ষমতা রাখে না, তারা দেশের সার্বিক পরিবর্তন করবে কীভাবে?
সমাবেশে দলটির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, গণভোট যদি অসাংবিধানিক ও অবৈধ বলা হয়, তবে সেই গণভোটের ফসল বর্তমান সরকার এবং বিএনপির নেতৃত্বও প্রশ্নবিদ্ধ হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক উদ্যোগের সমালোচনা করে দলটিকে ক্ষমতার অপব্যবহার ও নতুন কোনো চাঁদাবাজির রাজনীতি না করার বিষয়ে সতর্ক করেন।
বক্তারা অভিযোগ করেন, গত কয়েক মাসে পুলিশ, আদালত ও গণমাধ্যমের কোনো দৃশ্যমান সংস্কার করা হয়নি। যার ফলে স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং ভূমি দখল আগের মতোই চলমান রয়েছে। পুলিশ ও প্রশাসনকে দলীয়করণ মুক্ত করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ারও দাবি জানান তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে শুরু হওয়া এনসিপির 'জুলাই পদযাত্রা' শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে জেলা এনসিপির নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৩০ বার পড়া হয়েছে