খুলনায় পুকুরে ডুবে পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা নগরীর সিএন্ডবি কলোনি এলাকায় পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহত শাহেদ খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে নগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদের পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ মাহমুদ স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমানের ছোট ছেলে। তার মা লাবণি ইউসিবিএল ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহেদের বড় ভাই শাকের মাহমুদ খুলনা পাবলিক কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার সময় শাহেদের বাবা ও বড় ভাই বাসায় অবস্থান করছিলেন। শাহেদ সাঁতার জানা সত্ত্বেও গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর তার মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে পরিবারে কান্নার রোল পড়ে যায় এবং এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের স্তব্ধতা। আজ বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে নগরীর গোয়ালখালী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩৬ বার পড়া হয়েছে