ভিডিও কাণ্ড: এমপি নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে ঝাড়ু মিছিল
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ড ও ভিডিও কেলেঙ্কারির অভিযোগে তার পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে শ্যামনগর। স্থানীয় তৌহিদী জনতা ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত পৃথক কর্মসূচি থেকে অবিলম্বে এই সংসদ সদস্যের অপসারণ দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাব চত্বর ও কাশীমাড়ী এলাকায় পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। শ্যামনগর প্রেসক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’র ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় আলেম-ওলামারা।
মানববন্ধনে বক্তারা বলেন, নৈতিক স্খলন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইতিমধ্যে গাজী নজরুল ইসলামকে তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একজন সংসদ সদস্যের এমন বিতর্কিত আচরণের পর তিনি কোনোভাবেই ওই পদে বহাল থাকতে পারেন না। অবিলম্বে তাকে জাতীয় সংসদ থেকে অপসারণের জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান তারা।
শ্যামনগরের মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ লাবিব হাসান নাহিদ এবং হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় শীর্ষস্থানীয় আলেমরা। দ্রুত দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
অন্যদিকে, একই সময়ে উপজেলার কাশীমাড়ী এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এক প্রতিবাদী ঝাড়ু মিছিল বের হয়। ঝাড়ু হাতে বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় ব্যক্তিত্ব ছলেমান কবির, শফিকুল ইসলাম দুলু, আজিজুল হক সরদার ও বি এম আব্দুস সালাম।
এই আন্দোলনের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি গাজী নজরুলের আরও একটি নতুন ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সংসদ সদস্যের শাস্তির দাবিতে পুরো নির্বাচনী এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
১১৯ বার পড়া হয়েছে