ভিডিও ফাঁসের জেরে জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৪:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সিদ্ধান্ত প্রকাশ হওয়ার পরপরই তার নির্বাচনী এলাকা শ্যামনগরে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। জামায়াতের এই কঠোর পদক্ষেপে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
গত ২১ জুলাই সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলে ২২ জুলাই বিকেলে রাজধানীর মিন্টো রোডে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, ভিডিওতে থাকা তরুণী তার আইনসম্মত দ্বিতীয় স্ত্রী। পুরো ঘটনাটি তার বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং ব্ল্যাকমেইলিংয়ের অংশ বলে তিনি মন্তব্য করেন। তবে তার এমন ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি দলটির শীর্ষ নেতৃত্ব।
বহিষ্কারের খবর এলাকায় পৌঁছানোর পর শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে আনন্দ প্রকাশ করতে এবং মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। তবে উপজেলা জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাপা উদ্বেগ ও অসস্তি বিরাজ করছে। অনেকেই দলীয় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির নৈতিক স্খলনের অভিযোগে এই বহিষ্কারাদেশকে সাধুবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জানান, আদর্শিক ও নৈতিক অবস্থান থেকে কেন্দ্রীয় নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যা দলের ক্ষুণ্ন হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সাহায্য করবে।
১২০ বার পড়া হয়েছে