জামায়াত এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবি ও অবাঞ্ছিত ঘোষণা
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার পদত্যাগ ও দল থেকে বহিষ্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শ্যামনগর। সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একই সাথে ২৪ ঘণ্টার মধ্যে এই সংসদ সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা শ্যামনগর প্রেস ক্লাবের সামনে অভিযুক্ত সংসদ সদস্যের কুশপুত্তলিকা দাহ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, উপজেলা মহিলা দলের সভানেত্রী নূর জাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, চেয়ারম্যান আমজাদ হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি নেতা গাজী শাহ আলম।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় মূল্যবোধ ও আদর্শের কথা বলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে একজন জনপ্রতিনিধি এমন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন না। রাজধানীর একটি আবাসিক হোটেলে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ওই সংসদ সদস্যের নৈতিকতা ও জনপ্রতিনিধির মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। এ ঘটনা সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।
বক্তারা অবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে ওই নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সংসদ সদস্য পদ বাতিলের জন্য জাতীয় সংসদের স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশ থেকে তাকে শ্যামনগর এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে তীব্র স্লোগান দেওয়া হয়। তবে এ বিষয়ে অভিযুক্ত সংসদ সদস্য বা তার দলের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
১২৯ বার পড়া হয়েছে