নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা: আসামি রবির ২ দিনের রিমান্ড মঞ্জুর
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি রবিউল সিকদার রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মর্মান্তিক এই ঘটনার পর এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং খুনিকে দ্রুত ফাঁসি দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা এবং দ্রুত অভিযোগপত্র পেশ করার আশ্বাস দেওয়া হয়েছে।
নড়াইল সদর আমলী আদালতের বিচারক মারুফ হাসান বুধবার সকালে বহুল আলোচিত এই হত্যা মামলার শুনানির পর অভিযুক্ত রবিউলের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে গত মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন।
পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত সোমবার বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। মাত্র পাঁচ বছর বয়সী জান্নাতুল মাওয়াকে প্রতিবেশী ফুফাতো ভাই রবিউল সিকদার তার নিজ ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে। ঘটনার পর মৃতদেহ কাঁথা দিয়ে মুড়িয়ে রেখে পালিয়ে যায় অভিযুক্ত এই রাজমিস্ত্রি। পরের দিন সকালে স্থানীয় জনতা দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তের ফাঁসির দাবিতে নড়াইলে তীব্র গণঅসন্তোষ ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা নড়াইল-বেনাপোল-ঢাকা জাতীয় মহাসড়কের দত্তপাড়া এলাকায় কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যদের আশ্বাসের ভিত্তিতে প্রায় পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এ ছাড়া নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও বৃষ্টি উপেক্ষা করে বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশ অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আদালতে নিখুঁত চার্জশিট পেশ করার পাশাপাশি মামলার বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে সব ধরনের আইনি সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
১১৪ বার পড়া হয়েছে